দিনাজপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
বুধবার দুপুর ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এ সময় জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর বখতিয়ার আহমেদ কচি সাংবাদিকদের বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এটি সম্ভবত শেষ নির্বাচন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দিনাজপুর থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবেন। শুধু বিএনপি নয়, দিনাজপুরের মানুষ দল মত নির্বিশেষে তার নির্বাচনী প্রচারণা থেকে ভোটগ্রহণ পর্যন্ত পাশে থাকবেন।”
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া এবারে দিনাজপুর-৩ সদর আসনসহ তিনটি আসন থেকে নির্বাচন করবেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, দিনাজপুর-৩ আসন থেকে তিনি এবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


