নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করলে দলটির পক্ষ থেকে দ্রুত প্রতিক্রিয়া জানানো হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তফসিল ঘোষণা আমাদের আশ্বস্ত করেছে এবং জনগণের মধ্যে থাকা সন্দেহ দূর হয়েছে।’ তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে (ইসি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা এখন ইসির প্রধান দায়িত্ব। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার এবং জাতীয় নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিকসহ সব দায়িত্বকে গুরুত্ব দিয়ে পালন করতে হবে।’
অতীতে নির্বাচনী প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে জুবায়ের উল্লেখ করেন, ‘অতীতে অনেক বিষয়ে আশ্বস্ত করা হলেও নির্বাচন সুষ্ঠু করা যায়নি। আশা করব আগামী নির্বাচনে এই ধারার পরিবর্তন হবে। আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করার জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। জাতি একটি উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু ধারায় এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে বলেছি—লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে। আমরা দেখব কমিশন এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে কি না।’


