অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে সোমবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
গত ৭ ডিসেম্বর প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশের পর ১৭ ডিসেম্বর শিক্ষার্থীদের কমিউনিকেশন টেস্ট নেওয়া হয়। ভর্তি পরীক্ষার ফলাফল জানতে শিক্ষার্থীরা ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করতে পারবেন অথবা টেলিটক, বাংলালিংক এবং গ্রামীণ ফোনের নম্বর থেকে ডিইউ আইবিএ পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১-এ এসএমএস (SMS) পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।
আইবিএর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২৮ নভেম্বর। এ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৯,০৫২টি।
বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিট (ক-ইউনিট) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ অনুযায়ী, স্থগিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ২৭ ডিসেম্বর।


