অনলাইন ডেস্ক

ঢাকা: জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় একটি শোকসভা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শোকসভা উপলক্ষে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সকল ক্লাস স্থগিত থাকবে। এর আগে তিনদিন (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল।
শোকসভায় উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, সাবেক উপাচার্য ও প্রো-উপাচার্যবৃন্দ, সিনেট ও সিন্ডিকেটের সদস্যবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ এবং ডাকসু’র ভিপিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শোকসভা আয়োজনের জন্য অধ্যাপক ড. মামুন আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মহিউদ্দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানিয়েছে, শোকসভা সহ বিভিন্ন কর্মসূচি ভাবগম্ভীর পরিবেশে পালিত হবে।


