স্পোর্টস ডেস্ক

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর অবস্থান এখনো ভিন্নমুখী হলেও, আলোচনা বন্ধ হয়নি বলে জানিয়েছে বিসিবি। ফলে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের সম্ভাবনাও এখনো উন্মুক্ত রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে আইসিসি আবারও বাংলাদেশ দলকে ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুরোধ জানায়। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি তাদের আগের সিদ্ধান্তেই অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করে।
বৈঠক শেষে বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেন,
“আইসিসি আমাদের সরাসরি ‘না’ বলেনি। আলোচনা এখনও চলমান। তাই আমরা বিষয়টি নিয়ে ইতিবাচকভাবেই দেখছি।”
তিনি আরও জানান, সময় স্বল্পতা থাকলেও আলোচনার ইতি ঘটেনি এবং খুব শিগগিরই এ বিষয়ে অগ্রগতি হতে পারে।
বিসিবির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সভাপতি ফারুক আহমেদও একই সুরে কথা বলেন। তিনি জানান,
“ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটি বাংলাদেশ সরকার ও বিসিবির যৌথ সিদ্ধান্ত। আইসিসি তাদের অবস্থান থেকে এখনো সরে আসেনি, তবে আলোচনার দরজা খোলা রেখেছে।”
ফারুক আহমেদের মতে, আলোচনার পরবর্তী ধাপে বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত অবস্থান আরও গুরুত্ব পেতে পারে এবং সে ক্ষেত্রে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনাও বাড়বে।
তবে আইসিসির জন্য হঠাৎ করে ভেন্যু পরিবর্তন করা সহজ কাজ নয়। বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের নির্ধারিত ভেন্যু থেকে শ্রীলঙ্কায় সরাতে হলে শুধু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নয়, একই গ্রুপের অন্যান্য দল—নেপাল, ইতালি, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের সম্মতিও প্রয়োজন হবে।
সবকিছু মিলিয়ে, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। আলোচনা অব্যাহত থাকায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা পুরোপুরি নাকচ হয়ে যায়নি বলেই মনে করছে বিসিবি।


