স্পোর্টস ডেস্ক

মালয়েশিয়ার স্পিন অলরাউন্ডার বীরানদীপ সিং গড়ে ফেলেছেন আন্তর্জাতিক টি–টোয়েন্টির এক অনন্য ও অভূতপূর্ব কীর্তি। ফরম্যাটটির ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার হিসেবে একই সঙ্গে ৩ হাজার রান এবং ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন।
মঙ্গলবার কুয়ালালামপুরে বাহরাইনের বিপক্ষে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচেই ইতিহাসটি রচনা করেন বীরানদীপ। ম্যাচে নামার আগে তাঁর উইকেট সংখ্যা ছিল ৯৯। ক্যারিয়ারের শততম উইকেটটি নিতেই বেশি অপেক্ষা করতে হয়নি। শেষ পর্যন্ত তিনি তুলে নেন আরও ৩ উইকেট। ব্যাট হাতেও খেলেন গুরুত্বপূর্ণ ২৩ রানের ইনিংস।
১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মালয়েশিয়া ১ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জয়ের পাশাপাশি নিজের নামও ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখান বীরানদীপ।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ব্যাট ও বল হাতে এমন ধারাবাহিকতার উদাহরণ বিরল। তাই বীরানদীপের এই অর্জন শুধু মালয়েশিয়ার জন্য নয়, বিশ্ব ক্রিকেটের জন্যও এক নতুন মানদণ্ড তৈরি করছে।


