গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক শিক্ষাগত সংস্কার, কারিকুলাম হালনাগাদ এবং শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগকে যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে প্রশংসা করা হয়েছে। এই বিষয়ে হাউস অব কমন্সে একটি গোল টেবিল আলোচনার আয়োজন করা হয়, যেখানে হাউসের সদস্য ও উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করেন।
এই আলোচনার আয়োজন স্যালফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পর করা হয়। ২৬ নভেম্বর অনুষ্ঠিত সমঝোতা চুক্তি অনুষ্ঠানে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, পাবলিক হেলথ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে বৃহত্তর ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম, ওল্ডহ্যামের এমপি জিম ম্যাকমেহোন এবং ওল্ডহ্যাম কাউন্সিলর আবদুল জব্বারও উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিক্ষাক্ষেত্রে বৃত্তি সম্প্রসারণ, গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এই উদ্যোগকে গুরুত্বারোপ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই আন্তর্জাতিক সহযোগিতা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও প্রাসঙ্গিক দক্ষতায় সুসজ্জিত করতে সহায়ক হবে এবং বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


