অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার রাত পৌনে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৈঠকে সরাসরি উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
এছাড়া ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দলীয় সূত্র জানায়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও কৌশল নিয়েও মতবিনিময় হতে পারে।
বৈঠক শেষে প্রয়োজন অনুযায়ী দলের পক্ষ থেকে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা জানানো হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


