জামালপুর জেলা প্রতিনিধি

বিয়ের পর নববধূসহ বরযাত্রী নিয়ে নৌকাযোগে বাড়ি ফেরার পথে যমুনা নদীর মাঝপথে ঘন কুয়াশার কারণে নৌকা আটকা পড়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কলীতলা ঘাট থেকে জমথল ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করা নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছার পর দিক হারায়।
নৌকার চালক দিক নির্ণয় করতে না পারায় বর-কনে ও ৪৭ জন বরযাত্রীসহ সবাই সারা রাত নৌকায় অবস্থান করতে বাধ্য হন। বরযাত্রীরা মোবাইল ফোনে সহায়তার চেষ্টা করলেও রাতের ঘন কুয়াশার কারণে তাৎক্ষণিক সাহায্য পাওয়া যায়নি।
নবদম্পতি ও বরযাত্রীরা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাতাপাড়া এলাকার বাসিন্দা। বর নিলয় হাসান ছানি মুঠোফোনে জানান, “ঘন কুয়াশায় নদীতে দিক হারিয়েছি। সারা রাত নৌকায়ই ছিলাম। শনিবার সকালে পাশ দিয়ে যাওয়া অন্য একটি নৌকার সাহায্যে আমরা জমথল ঘাটের দিকে যেতে পেরেছি।”
স্থানীয়রা জানান, সকালে নৌকাটি নিরাপদে ঘাটে পৌঁছায়। কোনোরকম আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।


