চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।
প্রধান অতিথি ড. বজলুর রশীদ বলেন, “অন্যান্য জেলার মতো চাঁপাইনবাবগঞ্জেও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছি।”
এ সময় ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “অবৈধ অস্ত্র প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। নির্বাচনের সময় কোনও ধরনের অশান্তি বা নিরাপত্তা ঝুঁকি গ্রহণ করা হবে না।”
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা নির্বাচন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।


