নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম, বৃহস্পতিবার: চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেরিবাজারের বক্সির বিট এলাকার ‘অর্কিড প্লাজা’ নামের ১২ তলা ভবনের চতুর্থ তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে।
আগুন লাগার পর ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে তিনজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পঞ্চম তলা থেকে দুইজন এবং ষষ্ঠ তলা থেকে একজনকে নামানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, বেলা পৌনে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন মোহাম্মদ ইউনূস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। আহত অপর ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুনে ভবনের চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
উল্লেখ্য, অর্কিড প্লাজা ভবনের বিভিন্ন তলায় তৈরি পোশাক, টেইলারিং শপ ও কাপড়ের একাধিক দোকান রয়েছে।


