নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আসন্ন গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও গণভোট প্রদানে উদ্বুদ্ধ করতে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রচারণা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এবং সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম। বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নির্বাচন কমিশনের প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।
এদিকে একই দিন বিকেলে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘ভোটের গাড়ি’র মাধ্যমে বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থানে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ বার্তা প্রচার করা হয়। এ সময় গাড়ির ডিসপ্লেতে গণভোটের গুরুত্ব ও জুলাই বিপ্লবের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
উপজেলা প্রশাসন জানায়, গণভোটকে ঘিরে ভোটারদের সচেতন করতে এ ধরনের প্রচারণা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।


