ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর–৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে খেলাফত মজলিসের প্রার্থী ও জেলা শাখার সহসভাপতি মাওলানা মিজানুর রহমানের পক্ষে নির্মিত একটি নির্বাচনী তোরনে আগুন দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাত সাতটার দিকে ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লা এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কের পাশেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তোরনে হঠাৎ আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বিষয়টি প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি করে। ঘটনার খবর পেয়ে খেলাফত মজলিস ও সমমনা দলের নেতাকর্মীরাও ঘটনাস্থলে যান।
ঘটনার প্রায় দুই ঘণ্টা পর, রাত নয়টার দিকে ভাঙ্গা উপজেলা কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে খেলাফত মজলিস–নেতৃত্বাধীন ইসলামী সমমনা আট দলীয় জোট। তারা দাবি করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হয়েছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
খেলাফত মজলিসের স্থানীয় নেতারা অভিযোগ করেন, প্রার্থী মিজানুর রহমান এলাকাজুড়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন—এ কারণেই একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা বলেন, “এই ধরনের নাশকতা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ, প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।”
ঘটনা তদন্তের বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে দ্রুত এ ঘটনার সঠিক তদন্ত প্রয়োজন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।


