কিশোরগঞ্জ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাজিতপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাজিতপুর পৌর এলাকার ডাকবাংলো মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন শেখ মজিবুর রহমান ইকবাল। দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ড সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে আসছেন এবং মাঠপর্যায়ে দলের হাল ধরে রেখেছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে ইকবালের পক্ষে তৃণমূল নেতাকর্মীদের সমর্থন সর্বাধিক। তার নেতৃত্বে এ অঞ্চলে দল আরও সংগঠিত হয়েছে বলেও দাবি করেন তারা। তাই কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় উচ্চ নেতৃত্বের প্রতি আহ্বান জানান বক্তারা।
সমাবেশে এলাকাবাসীর উপস্থিতি ও উদ্দীপনা প্রমাণ করে, শেখ মজিবুর রহমান ইকবাল এ আসনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে শীর্ষে রয়েছেন বলে বক্তাদের দাবি।


