
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : দক্ষিণ কেরানীগঞ্জে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণের মধ্যে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তেঘরিয়া ইউনিয়নের জিন্দাপীর মাঠে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ধর্ম মানুষের অন্তরের বিষয়। এটিকে রাজনীতির ঢাল বানিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, তারা দেশ ও জাতির কোনো উপকার করতে পারে না।”
তিনি আরও অভিযোগ করেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে সরকার ব্যর্থ। তাই জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে।
এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বলেন, “দেশ পরিবর্তন করতে চাইলে, মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাইলে এই সরকারকে জনগণকেই ভোটের মাধ্যমে বিদায় করতে হবে।”
সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


