অনলাইন ডেস্ক

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার রাত ৮টা ৫ মিনিটের দিকে তাকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
এর আগে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মাথা, বুক ও পায়ে আঘাতজনিত চিকিৎসা দেওয়া হয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, “ওসমান হাদির মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটি রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢামেকে একটি প্রাথমিক সার্জারি সম্পন্ন করেছি।”
রাত সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে আইসিইউ সাপোর্টযুক্ত অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দল তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।


