
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : জুলাইসহ সব গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে, এছাড়া (কার্যক্রম) নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতা প্রতিরোধে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শুরু হওয়া মিছিলটি ঢাকা কলেজ থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পৌঁছে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম শাকিল এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে নিরপেক্ষ ও সুবিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা জুলাই সনদকে আইনিভাবে কার্যকর করার পাশাপাশি গণহত্যার সকল দায়ীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
ছাত্রশিবির নেতারা উল্লেখ করেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতা দেশ ও জাতির জন্য হুমকিস্বরূপ। তারা দাবি করেন, সরকারের উচিত শান্তিপূর্ণভাবে দেশকে স্থিতিশীল রাখা এবং সব ধরনের নাশকতামূলক কার্যক্রম প্রতিহত করা।
সমাবেশ শেষে মিছিলের অংশগ্রহণকারীরা ন্যায়বিচার ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে স্লোগান দেয় এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেমের প্রতিজ্ঞা পালনের আহ্বান জানান।


