
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ তুলেছে দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ এই অভিযোগ তোলে।
‘সম্মিলিত ছাত্র সংসদ’ নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে পাঠানো ওই বিবৃতিতে চার ভিপি (সহসভাপতি) আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিত নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের ছাত্র-জনতা-শ্রমিকসহ মুক্তিকামী জনগণ ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ১৮ বছরের দুঃসহ ফ্যাসিবাদী শাসন থেকে জাতিকে মুক্ত করেছে। সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ যখন ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদী কাঠামোর চিরস্থায়ী বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিতাড়িত ফ্যাসিস্ট, গণহত্যাকারী ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসররা দেশ ও জাতির বিরুদ্ধে এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে।’
বিবৃতিতে সই করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান (জাহিদ)।
এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সারাদেশে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান চার ভিপি।
তাঁরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সহিংস রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
বিবৃতির শেষে সম্মিলিত ছাত্র সংসদ জানায়, দেশের স্থিতিশীলতা ও শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ রক্ষায় তারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।


