
বিবিসি বাংলা : শুক্রবার সকালে নরসিংদী জেলার মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে। আবহাওয়াবিদদের প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।
এটি গত কয়েক দশকের মধ্যে দেশের ভেতর উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি বলে জানিয়েছেন ভূমিকম্প বিশারদরা। তাঁরা বলেন, সাধারণত বাংলাদেশের ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট বা নোয়াখালী অঞ্চলে বেশি দেখা যায়। তবে এই প্রথম ঢাকার এত কাছাকাছি নরসিংদী এলাকায় এমন শক্তিশালী কম্পনের কেন্দ্রস্থল ধরা পড়ল।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী বলছেন, বাংলাদেশের মধ্যে টেকটোনিক প্লেটের যে পাঁচটি সোর্স আছে তার মধ্যে নোয়াখালী থেকে শুরু করে কক্সবাজার, নোয়াখালী থেকে সিলেট এবং আরেকটি সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে।
নোয়াখালী থেকে সিলেট, এই অংশে যে বড় ফাটল রয়েছে তারই একটি ছোট অংশ নরসিংদী, এর ফলে নরসিংদী এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়া অস্বাভাবিক নয় বলেও মনে করেন আনসারী।
‘বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প হয় এটি তার আগাম বার্তা, এমনটা মনে করছেন ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী।
আবহাওয়াবিদরা বলছেন, দেশের অভ্যন্তরে সক্রিয় ফল্ট লাইনে চাপ বাড়ার কারণে মাঝারি মাত্রার ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা ভবন নির্মাণে কোড মেনে চলা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।


