অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া শিমুলডাঙ্গী স্কুল মাঠে রবিবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত উঠান বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম তার স্বামীর দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও কষ্টের কথা তুলে ধরেন।
রাহাত আরা বেগম বলেন, তাঁর স্বামী ৩৭ বছর ধরে রাজনীতি করছেন এবং এর মধ্যে ১৬ বছর রাতের ঘুম ও সুস্থ খাবারের অভাব সহ্য করেছেন। এ সময় তিনি আবেগাপ্লুত কণ্ঠে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পর্যন্ত ১১ বার জেলে ছিলেন; এর মধ্যে একবার টানা সাত মাস এবং অন্যান্যবার তিন মাস, দুই মাস ও এক মাস করে জেল খেটেছেন।
তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, “আপনারা কি তার পাশে আছেন? তিনি এত কষ্ট করেছেন, তাকে আপনারা একটু শান্তি দেবেন।” রাহাত আরা বেগম আরও বলেন, দেশের দুরবস্থা দেখে তার স্বামী মর্মাহত হন এবং দেশের মানুষের কল্যাণের জন্য চিন্তিত থাকেন।
এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, গড়েয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভিনসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।


