ক্রীড়া ডেস্ক

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ১৪ বছরের খরা কাটাল ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে এই জয়ের ফলে সিরিজে নতুন উত্তেজনা যোগ হলো।
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড দ্রুতগতির ব্যাটিংয়ে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায়। হ্যারি ব্রুক (অপরাজিত ১৮) এবং জেমি স্মিথ (৩) শেষ পর্যন্ত উইকেট রক্ষা করেন। ম্যাচের প্রথম তিন ইনিংসে রান কম থাকলেও চতুর্থ ইনিংসে ইংল্যান্ড সর্বোচ্চ স্কোর গড়েছে।
ফাস্ট বোলার ব্রাইডন কার্সকে তিন নম্বরে পাঠিয়ে দ্রুত রান তোলার কৌশল কার্যকর হয়। পাঁচের বেশি রেটের ব্যাটিংয়ে ইংল্যান্ড ম্যাচ নিজেদের করে নেয়।
এটি ২০১০ সালের পর মেলবোর্নে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়। অস্ট্রেলিয়ার মাটিতে ২০১১ সালের পর প্রথম টেস্ট জয়ে দীর্ঘ ৫৪৬৮ দিনের অপেক্ষার অবসান ঘটলো। সিরিজে ব্যবধান কমিয়েছে ইংল্যান্ড, যদিও এখনও একটি টেস্ট বাকি।
জয়ের ফলে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের জয়ের হার বাড়লেও টেবিলে তারা এখনো সপ্তম। অস্ট্রেলিয়া হারলেও শীর্ষে আছে। তবে ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের হ্যামস্ট্রিং চোটের কারণে সিডনিতে শেষ টেস্টে তার খেলা অনিশ্চিত।
অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।


