ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা, বৃহস্পতিবার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি টিএসসি থেকে ভিসি চত্বর হয়ে মাস্টারদা সূর্যসেন হলের সামনের ফটক অতিক্রম করে বিজনেস ফ্যাকাল্টি প্রদক্ষিণ করে রোকেয়া হল সংলগ্ন বাস স্টপেজে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
বক্তারা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের এখনো গ্রেপ্তার না করতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের পরও কার্যকর পদক্ষেপ না নেওয়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়।
সমাবেশ থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।


