বিডিরিপোর্টস ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্মৃতিসৌধের গণপূর্ত অধিদপ্তর ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিগগিরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকেই স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, স্মৃতিসৌধ চত্বরে ঝাড়ু দেওয়া, আশপাশের পরিবেশ পরিষ্কার এবং লেকের পানি পরিশোধনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি সম্ভাব্য অতিথিদের যাতায়াতের এলাকা বিশেষভাবে পরিচ্ছন্ন করা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্মৃতিসৌধ এলাকায় সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরেছেন—এ তথ্য আমরা পেয়েছি। তিনি জাতীয় স্মৃতিসৌধে আসবেন বলে জানানো হয়েছে। সে কারণেই আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাভাবিক দিনেও যেভাবে স্মৃতিসৌধ পরিষ্কার রাখা হয় এবং পুষ্পার্ঘ্য অর্পণের জন্য প্রস্তুত করা হয়, ঠিক সেভাবেই কাজ চলছে। তবে অতিথিরা যেসব এলাকা ব্যবহার করবেন, সেগুলো বিশেষভাবে পরিষ্কার করা হচ্ছে। প্রয়োজনে নির্দেশনা পেলে পুরো কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।”
নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও ট্রাফিক পুলিশ, ডিবি ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুরো এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।”
সব মিলিয়ে তারেক রহমানের আগমনকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধে চলছে পরিচ্ছন্নতা ও নিরাপত্তার সমন্বিত প্রস্তুতি। কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।


