কক্সবাজার প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা গণতন্ত্রকে নষ্ট করে দেশে একদলীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। বাকশালের পুনরাবৃত্তি ঘটিয়ে তিনি ক্ষমতা চিরস্থায়ী করার প্রয়াস নেন। তার দাবি, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ সেই প্রচেষ্টা ভণ্ডুল করে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় এক মহিলা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদের অভিযোগ, শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বে কখনোই বিশ্বাসী ছিলেন না। বরং পার্শ্ববর্তী এক দেশের স্বার্থরক্ষায় কাজ করে দেশটির সম্পদ পাচারে সহযোগিতা করেছেন। তাঁর ভাষায়, “শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানাও হয়েছে দিল্লি।”
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য
সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ঐতিহাসিক পরিবর্তনের সূচনাকারী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন নয়, বরং সারাবিশ্বে স্বীকৃত ও প্রশংসিত একটি নির্বাচন হবে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “জনগণ এখন নিজের অধিকার সম্পর্কে আরও সচেতন। নিজেদের ভোটের পাহারা জনগণ নিজেরাই দেবে, আর কাউকে লাগবে না।” তিনি আরও যোগ করেন, এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত একটি সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন।
গণতন্ত্র ফিরে আসার দাবি
গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র দেশে ফিরেছে। জনগণ এখন পরিবর্তনের পক্ষে, আর তাদের ঐক্যবদ্ধ ভূমিকা আগামী নির্বাচনের ফলাফলেও প্রতিফলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


