ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সুপারি চুরির অভিযোগকে কেন্দ্র করে ৯ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমন মিয়া ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। অভিযুক্ত আতাহার আলী (৩২) একই গ্রামের বাসিন্দা ও ইমনের প্রতিবেশী।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, কয়েক দিন আগে আতাহার আলী ইমনের বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগ তোলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ইমনকে নিজের ঘরে ডেকে নিয়ে গলা চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযোগ প্রাপ্তির পর থেকেই আতাহার আলী পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।


