অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক মনোনয়ন ঘোষণা দেওয়ার পর বিএনপি এবার কয়েকটি আসনে পরিবর্তন এনেছে। পাশাপাশি জোট ও আন্দোলনসঙ্গীদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে কিছু আসন ছেড়ে দিয়েছে দলটি।
ঢাকা-১২ আসনে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা আগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পেতেন। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আসলাম চৌধুরী।
চট্টগ্রাম-১০ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে স্থানান্তর করে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। নতুন প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১০ আসনে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান।
যশোরের ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। যশোর-১ আসনে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, যশোর-৪ আসনে অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, যশোর-৫ আসনে জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস এবং যশোর-৬ আসনে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
পিরোজপুর-১ আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। আগের প্রার্থী জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের শারীরিক অসুস্থতার কারণে এই পরিবর্তন করা হয়েছে।
বিএনপির এই মনোনয়ন পরিবর্তন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সমঝোতা ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার অংশ।


