
বিডিরিপোর্টস ডেস্ক : টেনিস তারকা সানিয়া মির্জা প্রথমবারের মতো পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, এই বিচ্ছেদ তাঁর জীবনের সবচেয়ে ‘ভয়াবহ ও মানসিকভাবে বিপর্যয়কর’ অভিজ্ঞতা ছিল। ব্যক্তিগত জীবনের এই ধাক্কা তাঁকে এতটাই ভেঙে দিয়েছিল যে তিনি ‘প্যানিক অ্যাটাক’-এর সম্মুখীন হন।
সানিয়া জানান, বিবাহবিচ্ছেদের কিছুদিন পর একটি লাইভ শো চলাকালীন তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। শোতে উপস্থিত পরিচালক ও কোরিওগ্রাফার দ্রুত তাঁকে সামাল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেই কঠিন মুহূর্ত স্মরণ করতে গিয়ে সানিয়া বলেন, ‘আমি তখন প্রচণ্ড কাঁপছিলাম। শরীর-মনে যেন একসঙ্গে সব চাপ ভর করেছিল।’
শোটি সঞ্চালনা করছিলেন বলিউড নির্মাতা ফারাহ খান। তিনি সানিয়ার পাশে থাকার কথা উল্লেখ করে বলেন, সানিয়াকে তিনি খুব কাছ থেকে দেখেছেন—তার উত্থান, সাফল্য, সংগ্রাম ও ব্যক্তিগত জীবনের কঠিন সময়। ফারাহর ভাষায়, ‘সানিয়া দুই চরম অবস্থাই অবিশ্বাস্য মর্যাদা, ধৈর্য ও শক্তি দিয়ে সামলেছেন।’
বিবাহবিচ্ছেদের পর সানিয়া এখনও নিজেকে পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছেন। তিনি জানান, খেলাধুলা ও পরিবার তাঁকে এগিয়ে যেতে সাহায্য করছে। তবে জীবনের এই অধ্যায় তাঁর মানসিক দৃঢ়তাকে যেমন পরীক্ষা নিয়েছে, তেমনি নতুনভাবে শক্তিও দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।