নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা-২ আসনে বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগেই সোনাডাঙ্গার তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রে শতাধিক ভোটার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াতের কর্মীদের ভোটার স্লিপ বিতরণ করার দৃশ্যও লক্ষ্য করা গেছে। একই চিত্র দেখা গেছে গোবরচাকা ন্যাশনাল গার্লস স্কুল, খুলনা কলেজিয়েট স্কুল, পল্লীমঙ্গল স্কুল, গাজী মিজানুর রহমান স্কুল, মেহমানিয়া স্কুল ও সিদ্দিকিয়া মাদ্রাসা কেন্দ্রগুলোতেও।
তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রের একজন ভোটার মোস্তফা সিরাজ জানান, ভোটাররা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে উপস্থিত হয়েছেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহিন বলেন, “এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৮১ জন। সকালেই ২১৮টি ভোট পড়েছে। সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।”
খুলনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের জাহাঙ্গীর হুসাইন হেলাল ও ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্লাহ।


