অনলাইন ডেস্ক

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা আজ ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় ছাড়াও পরীক্ষা কয়েকটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি পরীক্ষা দুই শিফটে নেওয়া হচ্ছে। প্রথম শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, আর দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে পরীক্ষা নেওয়া হচ্ছে।
রাবির আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম জানান, এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। এর মধ্যে ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩০ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ১৮ হাজার ৪৫২ জন এবং অ-বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ১২ হাজার ৪৩৪ জন।
পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট (admission.ru.ac.bd) থেকে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ডে তাদের আসন বিন্যাস দেখতে পারবেন। এছাড়া, প্রবেশপত্রের উপর থাকা কিউআর কোড স্ক্যান করেও আসনবিন্যাস জানা যাবে।
এর আগে ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘বি’ ইউনিটের পরীক্ষার সময়সীমা এক ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।


