অনলাইন ডেস্ক

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ১২ মার্চ থেকে টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আগামী ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এ বি এম আজিজুর রহমান। তিনি জানান, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মার্চ থেকে সব ধরনের ক্লাস স্থগিত থাকবে।
তবে প্রশাসনিক কার্যক্রম ১৭ মার্চ থেকে বন্ধ হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ছুটিতে থাকবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগগুলো ছুটির মধ্যেও পরীক্ষা গ্রহণ করতে পারবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নির্ধারিত ছুটি শেষে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।
রমজান ও ঈদের ছুটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। আবাসিক হলগুলোতেও ছুটির আমেজ লক্ষ্য করা যাচ্ছে।


