বেনাপোল প্রতিনিধি

যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র ও অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে যশোর ব্যাটালিয়নের অধীন আন্দুলিয়া ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় এয়ার গান, ১টি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাক সাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল পরবর্তীতে মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। আমাদের ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অস্ত্র ও অবৈধ মালামাল জব্দ সম্ভব হচ্ছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানান, সীমান্তে এ ধরনের সচেতনতামূলক অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


