
অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব সুরক্ষায় মওলানা ভাসানী সবসময়ই প্রেরণার উৎস হয়ে থাকবেন।
রবিবার মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই বাণীতে তারেক রহমান বলেন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
তারেক রহমান বলেন, মওলানা ভাসানী ছিলেন শোষিত মানুষের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। তিনি গণমানুষের পক্ষে আজীবন লড়াই করে গেছেন। তার ত্যাগ, আদর্শ ও রাজনৈতিক দর্শন বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের জন্য অবিচল থাকতে অনুপ্রেরণা জোগায়।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে মওলানা ভাসানীর অসাম্প্রদায়িক, গণমুখী ও দেশপ্রেমিক রাজনীতি বিশেষভাবে স্মরণীয়। জাতির সামনে তিনি যে আদর্শিক পথরেখা রেখে গেছেন, তা অনুসরণ করলেই মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।
মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আজও তার চিন্তা ও দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক।


