অনলাইন ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে খেলা সম্ভব না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার শেষ হয়েছে বিপিএলের দ্বাদশ আসর। রাজশাহী ওয়ারিয়র্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতেছেন শান্ত। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে বড় ব্যবধানে হারানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
শান্ত বলেন, “ঢাকার ক্রিকেট নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। এখানেও আমি অনুরোধ করব, আগের আসরগুলোর থেকে যেন আরও সুন্দরভাবে আয়োজন করা হয়। যদি আমরা বিশ্বকাপে যেতে না পারি, তাহলে বোর্ডের কাছে অনুরোধ থাকবে—আমাদের জন্য যেন একটা ভালো বা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা হয়, যাতে সবাই খেলতে পারে।”
তিনি আরও বলেন, “বাইরের বিষয়গুলো ঠিক করে যেন মাঠের ক্রিকেটটা ঠিকভাবে চালু রাখা যায়। ক্রিকেটারদের খেলার সুযোগ থাকাটা খুব গুরুত্বপূর্ণ।”
বর্তমানে ভারত থেকে ম্যাচ সরিয়ে না নেওয়ার কারণে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে আছে। এমন অবস্থায় শান্তর এই মন্তব্য ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


