বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের পর তাকে ছেড়ে দেওয়া এবং উদ্ধার করা মাদক আত্মসাতের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন— বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন সরকার, এসআই মোহাম্মদ আমির হোসেন (বর্তমানে কোতোয়ালি থানায় কর্মরত), সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল আলম, মো. জিয়াউর রহমান, মো. সাদ্দাম হোসেন, এনামুল হক, কনস্টেবল মো. রাশেদুল হাসান ভূঁঞা এবং নারী কনস্টেবল উম্মে হাবিবা।
এ ছাড়া বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় বাকলিয়া থানার অংশে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে আনুমানিক ৮০ হাজার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে অভিযোগ রয়েছে, উদ্ধারকৃত ইয়াবা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আত্মসাৎ করেন এবং ইয়াবা বহনকারী ওই পুলিশ সদস্যকে কোনো মামলা ছাড়াই ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সিএমপি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।



