অনলাইন ডেস্ক

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ১৫ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা কবরের ওপর কাঠ জালিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ওই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা।
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নিয়ামতপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরের ওপর আগুন ধরানোর অভিযোগ উঠেছে। পরিবারের বরাত দিয়ে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাতের আঁধারে দুর্বৃত্তরা কবরের ওপর কিছু কাঠ জ্বালিয়ে আগুন ধরিয়ে চলে যায়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি ২০১০ সালের ৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন এবং পরিবার তাকে বসতঘরের পাশে দাফন করেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা কবরের ওপর ছাই পড়ে থাকতে দেখেন। বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা বেগম বলেন, প্রতিদিনের মতো সকালে কবরের পাশে গিয়ে আগুন দেওয়ার চিহ্ন দেখে তিনি চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। কবরের ওপর থেকে ধোঁয়া বের হচ্ছিল এবং খানিকটা জায়গায় ছাই পড়ে ছিল।

পরিবারের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিজ সিকদার বলেন, ঘটনাটি উদ্বেগের এবং বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। জেলা প্রশাসক তাহসিনা বেগম জানান, পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পরিবার এবং গ্রামবাসী এ ঘটনায় উদ্বিগ্ন ও মর্মাহত। তারা আশা করেন, দ্রুত দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


