অনলাইন ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গলাচিপা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মতবিনিময় সভায় উপস্থিত বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নুরুল হক নুরকে জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। নুরুল হক নুর সভায় বলেন, “সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব প্রচার হচ্ছে। গণঅধিকার পরিষদের সঙ্গে দুইটি আসনে সমঝোতা হয়নি, যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। সময় হলে আপনারা দেখবেন, বিএনপি আমাদের কিভাবে মূল্যায়ন করে। আমরা সবাই তারেক রহমানকে চিনি ও জানি, তিনি কথা দিলে তা রাখেন। আমাদের যে কমিটমেন্ট হয়েছে, তা প্রকাশ্যে বলব না।”
তিনি আরও বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমাদের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। নির্বাচিত সরকার এলে কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এতে রাষ্ট্র গভীর সংকটে পড়বে।”
নুরুল হক নুর শোক প্রকাশ করে বলেন, “কিছুদিন আগে আমাদের আন্দোলনের এক সাহসী সৈনিক ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। ওই ঘটনার প্রেক্ষিতে প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি আরো কিছুদিন চললে কিছু মানুষ টেলিভিশনে এসে দেশ সংকটে পড়েছে বলে দায়িত্ব নেওয়ার ঘোষণা দিত।”
তিনি বলেন, “নির্বাচন হলেই সংকট কাটবে না। আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার আগামী পাঁচ বছরে স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য।”
সবশেষে নুরুল হক নুর বলেন, “আমার ব্যক্তিগত প্রাপ্তি বা দলের আসন সংখ্যা আমাদের কাছে মুখ্য নয়। দেশের মানুষ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই প্রধান অগ্রাধিকার। তাই কোনো ভাগ-বাটোয়ারার প্রশ্ন নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।”


