নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোক প্রকাশে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন মার্কেট, কাঁচাবাজার, হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। নগরীর সড়কগুলোতেও ছিল শোকাহত মানুষের নীরব উপস্থিতি।
এদিন বিকেল সাড়ে ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। মাঠজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাজা নামাজ চলাকালে অনেককে আবেগ সংবরণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। জানাজা শেষে হাজার হাজার মুসল্লি দু’হাত তুলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
স্থানীয় নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারালো। বগুড়ার মানুষ তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করবে।


