নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশের গণতন্ত্রকে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’ ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, “আওয়ামী লীগ কখনোই একক শক্তিতে রাষ্ট্রক্ষমতায় ফিরতে পারেনি; বরং বিভিন্ন শক্তির সমর্থন ও সহযোগিতার ওপর নির্ভর করেই ক্ষমতায় এসেছে।”
বুধবার রাতে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বুলু দাবি করেন, দেশে ন্যায়বিচার, ভোটাধিকার ও মৌলিক গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় জেলা বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিও উত্থাপন করেন।


