
নিজস্ব প্রতিবেদক : পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি রাজনৈতিক দলের ডাকা সমাবেশ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটার কিছু পরে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশ ঘিরে পল্টন ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সংস্কার দাবি ও সুষ্ঠু নির্বাচনী কাঠামো নিয়ে আজকের সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে জোরালো বার্তা পাঠানো হবে।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদই দেশের ভবিষ্যতের ভিত্তি। এর বাইরে কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।”
পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অবস্থান নিয়েছেন।


