শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগে চক্রের ‘মূলহোতা’সহ তিনজনকে গ্রেফতার করেছে নড়িয়া থানা পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে পদ্মা নদীতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—নড়িয়া পৌরসভার ঢালীপাড়া গ্রামের সাত্তার ব্যাপারীর ছেলে সোহাগ ব্যাপারী (৩৮), কানারগাঁও গ্রামের মন্টু হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২৩) এবং জাজিরা উপজেলার আমির মল্লিকের কান্দি গ্রামের খোকন মল্লিকের ছেলে আরিফ মল্লিক ওরফে সানজিম (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি ট্রলারযোগে কয়েকজন ব্যক্তি পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেডে উঠে চাঁদা আদায় করছে। বিষয়টি নজরে আসার পর রাতভর নদীতে অভিযান পরিচালনা করে নড়িয়া থানা পুলিশ।
অভিযানকালে ট্রলারে অবস্থানরত রাকিব হাওলাদার ও আরিফ মল্লিককে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে চক্রের মূলহোতা সোহাগ ব্যাপারীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে চলাচলরত বাল্কহেড থেকে চাঁদা উত্তোলনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নড়িয়া থানার তদন্ত কর্মকর্তা সুকান্ত দত্ত জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০০২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদীপথে নিরাপত্তা জোরদার করতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।


