নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তার দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন চিঠি বিতরণ শুরু করতে যাচ্ছে। প্রতিটি আসনে একজন প্রার্থীকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের জন্য দলীয় চিঠি দেওয়া হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করবেন। তবে তার হঠাৎ অসুস্থতার কারণে বিতরণে সামান্য বিলম্ব হতে পারে।
দল ইতোমধ্যেই ৩০০ আসনের মধ্যে ২৭৩টিতে সম্ভাব্য মনোনয়ন দিয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ফরিদপুর বিভাগের ৯০ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনী প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ভোটারদের কাছে দলের ৮ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ক পরিকল্পনা তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে।
ভার্চুয়ালি সভায় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনকে প্রলম্বিত বা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। প্রার্থীদের ঘরে ঘরে প্রচারণা চালিয়ে জনগণকে পাশে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
লক্ষ্মীপুর-১ ও সিলেট-৩ আসনের প্রার্থীরা জানান, সভাটি অনেকটা নির্বাচনী ট্রেনিং-এর মতো ছিল, যেখানে মনোনয়ন ফরম পূরণ, আইন মেনে সরকারকে সহযোগিতা ও ভোটারদের কাছে কৌশলগত প্রচার চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
একই সময়ে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি দু’সপ্তাহ শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে থাকার পর ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে।


