অনলাইন ডেস্ক

নোয়াখালী: বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোটারদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য একটি পক্ষ পরিকল্পিতভাবে কার্যক্রম চালাচ্ছে।
তিনি আরও বলেন, “আপনারা তাহাজ্জুদ পড়া শেষ করে ফজরের নামাজ ভোটকেন্দ্রে গিয়ে পড়বেন। ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবেন। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।”
তারেক রহমান বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “টেকসই বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধের পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করা হবে। আপনাদের সমস্যাগুলো আমি লিখে রেখেছি। ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন।”
তিনি ভোটের পর হাতিয়ার মানুষদের সঙ্গে সরাসরি দেখা করার প্রতিশ্রুতিও দেন। তারেক রহমান বলেন, “বিএনপি জনগণের দল। ক্ষমতায় গেলে দেশের প্রকৃত ক্ষমতার মালিক হবে জনগণ।”
মা ও নারীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। আপনার সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হবে।”
নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের উন্নয়নের দায়িত্ব আমরা নেবো, ইনশাআল্লাহ।”


