অনলাইন ডেস্ক

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পুনরায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন লাভ করেছে। একই সঙ্গে দলটির আগের প্রতীক ‘হুক্কা’ বাতিল করে নতুন প্রতীক হিসেবে ‘চশমা’ বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত গেজেট মঙ্গলবার প্রকাশিত হয়। গেজেটে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর রয়েছে।
গেজেটে বলা হয়েছে, “The Representation of the People Order, 1972 এর Chapter VIA অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-কে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান করে এবং প্রতীক ‘হুক্কা’ বরাদ্দ করেছিল।”
এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির নিবন্ধন দেওয়া হয়েছিল। তবে শর্ত পূরণ না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করেছিল। এবার শর্ত পূরণের পর পুনর্বহালের মাধ্যমে জাগপা আবার নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল।
নতুন প্রতীক ‘চশমা’ বরাদ্দের মাধ্যমে দলটি ভবিষ্যতের নির্বাচনে নিজস্ব পরিচিতি ও চিহ্ন ব্যবহার করতে পারবে।


