কক্সবাজার প্রতিনিধি

নির্বাচনের মাঠে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য উদগ্রীব হয়ে আছে—এই পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল ও জনগণ সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জনগণকেই এবার মুখ্য ভূমিকা পালন করতে হবে। যেহেতু মুক্ত ও স্বাধীন পরিবেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাই আইনশৃঙ্খলা বাহিনীকেও সহায়ক ভূমিকায় থাকতে হবে।”
এর আগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। কক্সবাজার-১ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে সাইফুল ইসলাম (স্বতন্ত্র) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া মনোনয়ন বৈধ ঘোষিত অপর দুই প্রার্থী হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুখ এবং গণঅধিকার পরিষদের মোহাম্মদ আবদুল কাদের।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন সালাহউদ্দিন আহমদ।


