রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নির্বাচনে অবৈধভাবে প্রভাব বিস্তার, নাশকতা সৃষ্টি ও ইট-পাটকেল মজুদ করার অভিযোগে হিলাল উদ্দীন নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত হিলাল উদ্দীন উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মন্ডলের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) জানান, বুধবার দুপুরে বালিয়াকান্দি সেনা ক্যাম্পের কমান্ডার মেজর রুবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা নারুয়া বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় হিলালের দোকান থেকে ৫৫টি লাঠি এবং ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, নির্বাচনে অবৈধভাবে প্রভাব বিস্তার ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব সরঞ্জাম মজুদ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযানের সময় হিলালের ঘর থেকে বিএনপি প্রার্থী হারুন অর রশিদ হারুর নির্বাচনী প্রচারণার পোস্টারও উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ঘটনার সত্যতা পাওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা বা অবৈধ কার্যক্রম প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।


