নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সোমবার বিকেলে কার্যালয়ের সামনে দল ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এলাকায় ব্যাপক ভিড় ও যানজটের সৃষ্টি হয়।
সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে তারেক রহমান রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় দলীয় কার্যালয়। ফুলেল শুভেচ্ছায় তাঁকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা। এ সময় কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন।
কার্যালয়ের বারান্দায় এসে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে তিনি লক্ষ্য করেন, কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড়ে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।
এ অবস্থায় মাইক হাতে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আজ আমাদের এখানে কোনো কর্মসূচি নেই। মানুষের চলাচলে যেন অসুবিধা না হয়, সেজন্য সবাই মিলে যতদূর সম্ভব রাস্তাটি পরিষ্কার রাখার চেষ্টা করি। কর্মসূচি থাকলে তখন বক্তব্য দেব।”
তিনি আরও বলেন, “যার পক্ষে যতটুকু সম্ভব, আমরা সবাই সচেষ্ট হই। আসুন, সবাই মিলে দেশটাকে গড়ি। এখন সবাই মিলে রাস্তাটি খালি করে দিই।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, দলের যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।


