অনলাইন প্রতিবেদক

ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, শুধু ফ্যাসিস্ট শক্তি নয়, ধর্মের আড়ালে যারা রাজনীতি করে দেশে বিভ্রান্তি ছড়ায় তাদের ব্যাপারেও সজাগ থাকতে হবে। নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
গতকাল সোমবার যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
সভায় নবীউল্লাহ নবী বলেন, “নির্বাচন কেন্দ্র করে অফলাইন এবং অনলাইন—সব জায়গায় সক্রিয় থাকতে হবে। ধর্মের দোহাই দিয়ে যারা প্রোপাগান্ডা বা গুজব ছড়াচ্ছে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।”
তিনি আরও দাবি করেন, ধানের শীষের পক্ষে জনগণের গণজোয়ার তৈরি হয়েছে, আর এই গণজোয়ারের সামনে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
নবীউল্লাহ নবী বলেন, “আমরা জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ। জনগণের ভোটের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীরা শেষ পর্যন্ত মাঠে থাকবে।”
সভায় স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনি প্রস্তুতি, কেন্দ্রভিত্তিক সংগঠন এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করেন। দলীয় প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাধারণ জনগণও উত্সাহী হয়ে উঠছে।


