অনলাইন ডেস্ক

ঢাকা: দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ‘বিজি ২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিমানবন্দরে পৌঁছেছে একটি বুলেটপ্রুফ গাড়ি। বৃহস্পতিবার সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে আনা হয়। এই গাড়িতেই তিনি বিমানবন্দর থেকে পরবর্তী কর্মসূচির উদ্দেশে রওনা হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত গিয়ে তারা তাদের নেতাকে বিদায় জানান। পরে ‘চেক-ইন’ সম্পন্ন করে রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
এই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পাশাপাশি দলের প্রায় ৫০ জন নেতাকর্মী একই ফ্লাইটে দেশে ফিরছেন। ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌঁছাবে।
ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দলের সিনিয়র নেতৃবৃন্দসহ দেশের বিশিষ্ট ও বরেণ্য ব্যক্তিবর্গ তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানাবেন। সেখান থেকে তিনি সরাসরি রাজধানীর পাশে পূর্বাচল রুটের ৩০০ ফিট সড়কে প্রস্তুত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক করণীয় ও প্রতিশ্রুতি তুলে ধরবেন বলে জানা গেছে।
এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ভোরের তীব্র শীত উপেক্ষা করেই সেখানে জনতার ঢল নেমেছে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, কুড়িল থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চ এলাকা পর্যন্ত নেতাকর্মীদের স্রোত।
সারা দেশ থেকে আগত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্লোগান, প্ল্যাকার্ড ও উচ্ছ্বাসে মুখর পুরো এলাকা। সবার মুখে মুখে একটিই স্লোগান— ‘লিডার আসছে’। উৎসবমুখর পরিবেশে ৩০০ ফিট এলাকা যেন পরিণত হয়েছে এক বিশাল উৎসবকেন্দ্রে।


