অনলাইন ডেস্ক

ঢাকা, ৮ জানুয়ারি – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার শোক বার্তায় বলেছেন, “দুষ্কৃতকারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত।”
তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলের জন্য কর্মকাণ্ড চালাচ্ছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের নির্মম হত্যাকাণ্ড সেই অপতৎপরতার স্পষ্ট বহিঃপ্রকাশ।”
গতকাল বুধবার রাতের ঘটনায় রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে দুষ্কৃতকারীরা মুসাব্বিরকে গুলি করে হত্যা করে। মির্জা ফখরুল এই হত্যাকাণ্ডকে অমানবিক ও নৃশংস উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানান।
বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এই ধরনের লোমহর্ষক ঘটনা বারবার ঘটানো হচ্ছে। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার রক্ষা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং শোকার্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।


