অনলাইন প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন ও জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমনও এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ এবং জাতীয় প্রেস ক্লাবের ভূমিকা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে। উভয় পক্ষই গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।


